1085
Published on জুন 15, 2026বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ০৩ (তিন) মাসব্যাপী কর্মসূচির আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বাণী
---
প্রিয় বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ, কৃষক সমাজ এবং দেশবাসী,
বাংলার মাটি, মানুষ ও প্রকৃতির কল্যাণে বৃক্ষরোপণ একটি মহৎ ইবাদত,একটি দেশপ্রেমিক দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার।পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমি আনন্দের সঙ্গে জেনেছি যে,বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ জুন ২০২৬ তারিখ,পহেলা আষাঢ় থেকে আষাঢ়,শ্রাবণ ও ভাদ্র—এই ০৩ (তিন) মাসব্যাপী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এ বছর ৫৪ লক্ষ ফলজ,বনজ ও ভেষজ বৃক্ষরোপণের যে মহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে,তা পরিবেশ রক্ষা ও জনকল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।বাংলাদেশ কৃষক লীগের এই বৃক্ষরোপণ কর্মসূচি দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বর্তমান সময়ে দেশের রাজনৈতিক বাস্তবতা ও নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে,কৃষকের পাশে থেকে এবং পরিবেশ রক্ষার এই কর্মযজ্ঞ অব্যাহত রেখেছেন।বিভিন্ন প্রকার সংকট, প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও সংগঠনের নেতাকর্মীরা যে সাহস,নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন,সেটা অবশ্যই প্রশংসার দাবিদার।
আমি বিশ্বাস করি,দুর্যোগ-দুর্বিপাক,রাজনৈতিক প্রতিকূলতা কিংবা যেকোনো কঠিন সময়ে বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরাই জনগণের পাশে থেকে নেতৃত্ব দেবেন।বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন।দেশের প্রতিটি গ্রাম,প্রতিটি জনপদ এবং প্রতিটি কৃষকের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দিতে হবে কর্মের মাধ্যমে।
আমি সকল নেতাকর্মী ও কৃষক সমাজের প্রতি আহ্বান জানাই—শুধু গাছ লাগালেই হবে না,প্রতিটি গাছকে নিজের সন্তানের মতো পরিচর্যা করতে হবে।একটি ফলজ,একটি বনজ এবং একটি ভেষজ—এই ০৩ (তিন)টি গাছ রোপণের মাধ্যমে আমরা যেমন পরিবেশ রক্ষা করতে পারি,ঠিক তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ ও উপহার দিতে পারি।
আসুন,আমরা সবাই মিলে একটি সবুজ,সুন্দর,সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহণ করি।
বাংলাদেশ কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।