⁨কী হারালাম; এ বিলাপ আজ দেশের জনগণের!

717

Published on জুন 5, 2026
  • Details Image

⁨তেলের পাম্পে, বাজারে গিয়ে, ইতিহাস-ঐতিহ্য চর্চায়, বিদ্যুতের সুইচ টিপে, সন্তানকে স্কুলে পাঠিয়ে, ফসলের মাঠে দাঁড়িয়ে কিংবা নিরাপত্তার প্রশ্নে উৎকণ্ঠিত হয়ে মানুষ বুঝে- রাষ্ট্র কোন পথে যাচ্ছে। আজ বাংলাদেশের মানুষের মনে তাই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে; আমরা আসলে কী হারালাম?

কোথায় সেই আত্মমর্যাদার রাজনীতি? যে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে বিস্মিত করেছিল, যে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান তুলে ধরত, সেই বাংলাদেশ আজ নানা উদ্বেগ, অনিশ্চয়তা ও পরনির্ভরতার আলোচনায় আবদ্ধ। একসময় বাংলাদেশকে উন্নয়নের উদাহরণ হিসেবে তুলে ধরা হতো; আজ আলোচনার কেন্দ্রে অনিশ্চয়তা, ঋণ, জ্বালানি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। রাষ্ট্রীয় স্বাতন্ত্র্য ও জাতীয় মর্যাদার প্রশ্নে মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে।

কোথায় উন্নয়নের ধারাবাহিকতা? মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শতভাগ বিদ্যুতায়ন—এসব শুধু অবকাঠামো নয়; এগুলো ছিল একটি এগিয়ে চলা জাতির প্রতীক। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে বাংলাদেশ অসম্ভবকেও সম্ভব করতে পারে। উন্নয়নের যে গতি একসময় মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছিল, আজ তার জায়গায় দেখা দিয়েছে অনিশ্চয়তা, স্থবিরতা ও হতাশা।

কোথায় স্থিতিশীল জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা? একসময় লোডশেডিংকে অতীতের স্মৃতি বলে মনে করা হতো। বিদ্যুৎ ছিল উন্নয়নের অন্যতম চালিকাশক্তি; শিল্প চলত, ব্যবসা চলত, মানুষের দৈনন্দিন জীবন চলত স্বাভাবিক ছন্দে। অথচ আজ জ্বালানি ও বিদ্যুৎ সংকট আবারও জনজীবনের আলোচনার কেন্দ্রবিন্দু। মানুষ শুধু বিদ্যুৎ নয়, হারিয়েছে স্বস্তি ও নিশ্চয়তা।

কোথায় কৃষকবান্ধব কার্যক্রম? কৃষি ভর্তুকি, সহজ শর্তে ব্যাংক হিসাব, কৃষি যান্ত্রিকীকরণ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির নীতিগুলো বাংলাদেশের কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। একসময় কৃষক ছিল রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশীদার; আজ উৎপাদন ব্যয়, বাজার সংকট এবং কৃষির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমেই প্রকট থেকে প্রকটতর। যে কৃষক একদিন উৎপাদন বাড়ানোর স্বপ্ন দেখতেন; আজ এক ভয়ানক অনিশ্চয়তার মাঝে তারা ডুবে আছে।

কোথায় মানুষের নিরাপত্তা? নিরাপত্তা কেবল পরিসংখ্যানের বিষয় নয়; এটি মানুষের মানসিক শান্তির বিষয়। মানুষ যখন ঘর থেকে বের হয়, সন্তানকে স্কুলে পাঠায় কিংবা রাতে নিশ্চিন্তে ঘুমাতে যায়; সেই অনুভূতির নামই নিরাপত্তা। আজ আতঙ্ক, ভয় ও উৎকণ্ঠা যেন জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ! সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে যে সাফল্য একসময় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল, নেই তার ধারাবাহিকতা, বরং জনগণ বলছে- দেশ আজ সন্ত্রাসের অভয়ারণ্য! দেশ আজ জঙ্গিবাদের আখড়া।

কোথায় সেই স্বপ্ন দেখানোর ক্ষমতা? ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নশীল দেশের মর্যাদা, স্মার্ট বাংলাদেশের রূপকল্প—এসব কেবল রাজনৈতিক কর্মসূচি ছিল না; এগুলো ছিল একটি জাতির সম্মিলিত স্বপ্ন। মানুষ বিশ্বাস করত, আগামীকাল আজকের চেয়ে ভালো হবে; তাদের সন্তানরা আরও উন্নত, আরও সমৃদ্ধ একটি বাংলাদেশ পাবে। সেই আশাবাদই ছিল সবচেয়ে বড় শক্তি।

কিন্তু স্বস্তি আজ দুর্লভ, মানবিক মর্যাদা আজ ক্ষতিগ্রস্ত, আর প্রগতিশীল চিন্তা ক্রমাগত চ্যালেঞ্জের মুখে।

বাংলাদেশ শুধু একজন রাজনৈতিক নেতাকে হারায়নি; হারিয়েছে একটি পরীক্ষিত নেতৃত্ব, একটি উন্নয়ন-দর্শন এবং একটি আত্মবিশ্বাসী রাষ্ট্রের গতিপথ।

লেখকঃ জয়দেব নন্দী; প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ⁩

Live TV

আপনার জন্য প্রস্তাবিত